রাজশাহী ওয়ারিয়র্সে শান্ত-তামিম, নিশ্চিত করলেন হান্নান সরকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমকে সামনে রেখে রাজশাহী ওয়ারিয়র্স দলে নিয়েছে জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে। ফ্র্যাঞ্চাইজিটি আজ (রবিবার) আনুষ্ঠানিকভাবে তানজিদের দলে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে তানজিদকে নিজেদের প্রথম অফিসিয়াল সাইনিং হিসেবে নিশ্চিত করল রাজশাহী ওয়ারিয়র্স।

নতুন মৌসুমের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর, তার আগেই রাজশাহী তাদের দল ও কোচিং স্টাফ গঠন শুরু করে দিয়েছে। রাজশাহী ওয়ারিয়র্স দলের প্রধান কোচ সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকার নিজেই জানিয়েছেন, 'রাজশাহী দলে আমাদের প্রথম ডিরেক্ট সাইনিং- তানজিদ তামিম। আমি নিজেও আনুষ্ঠানিকভাবে হেড কোচ হলাম আজই। সামনে নিশ্চিতভাবেই আরও অনেক নাম আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে।'

হান্নান পরে জানান, 'তানজিদ তামিমই শুধু না, নাজমুল হোসেন শান্তও এবার খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। ব্যক্তিগতভাবে শান্তকে আমার দলে পেয়ে কোচ হিসেবে আমি বেশ খুশি। আমি জানি ওর সামর্থ্য সম্পর্কে। আমি জানি, ও কতটা ভালো করতে সক্ষম নিজের দিনে। খারাপ সময়ও হয়তো আসবে, কিন্তু শান্ত যেন রাজশাহীর হয়ে প্রত্যেকটা মুহূর্তই ভীষণ উপভোগ করে, এটাই চাওয়া।'

তানজিদ হাসান তামিম সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলে তিনি বাংলাদেশ দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং এর পুরস্কার হিসেবে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে চার ধাপ উপরে উঠেছেন।

রাজশাহীর হয়ে দায়িত্ব নিচ্ছেন নতুন মালিকানা পাওয়া নাবিল গ্রুপ, যারা আগামী পাঁচ মৌসুমের জন্য বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে।