রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৮ নভেম্বর) ভোরে থেকে রবিবার (৯ নভম্বর) দুপুর পর্যন্ত নাটোর, পাবনা ও কুষ্টিয়ার সীমান্তবর্তী চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি আগ্নেয়াস্ত্র, ২৪ রাউন্ড কার্তুজ, দেশীয় দুইটি বন্দুক, ৬টি পিস্তল, ৩টি রামদা ও ৫টি মোটরসাইকেল। এছাড়া গ্রেপ্তারদের মধ্যে কাকন বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্য রয়েছেন।
এ বিষয়ে রবিবার (৯ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, রাজশাহী, নাটোর ও পাবনা জেলার পদ্মা নদীর চরাঞ্চলে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ‘অপারেশন ফাস্ট লাইট’নামে এ অভিযানটি শনিবার ভোররাত থেকে রবিবার দুপুর পর্যন্ত টানা ১২ ঘণ্টা ধরে চলে। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের এই অভিযানে প্রায় ১ হাজার ২০০ সদস্য অংশ নেয়।
এসময় ৫৮ জনকে গ্রেপ্তার এবং আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু দেশী অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা চরে আধিপত্য বিস্তারকারী কাকন বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্য।
সংবাদ সম্মেলনে রেঞ্জ ডিআইজি জানান, এ অভিযানটি কেবল শুরু, তবে শেষ নয়। চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা পুলিশের এসপিসহ ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।