আইনজীবীদের নিয়ে কটূক্তি

বিএনপির সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে ঢাকায় ২ মামলা

আইনজীবীদের নিয়ে কটূক্তি করায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশালের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে ঢাকার পৃথক দুই আদালতে দুইটি মানহানির মামলা হয়েছে।

রবিবার ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট মাহবুব হাসান (রানা) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে একটি এবং এডভোকেট এটিএম আসাদুজ্জামান অপর মামলাটি করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টরি চাকমার আদালতে উভয় মামলায় আসামিকে হাজির হওয়ার (সমন ইস্যু) নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, এদেশের আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠায় সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করিয়াছেন। আইনপেশার মতো মহান ও মানবসেবাধর্মী পেশায় সম্পৃক্ত থেকে দেশ ও জনগণকে নিরলসভাবে সেবা প্রদান করে আসছেন। আসামি আইনজীবীদের এমন অর্জন ভূলুণ্ঠিত করার এবং আইনজীবীদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশে গত ৫ নভেম্বর বিকালে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর ইউনিয়নের এক জনসমাবেশে বাংলাদেশে আইনপেশায় নিয়োজিত আইনজীবীদের নিয়ে কটুক্তি করে বলেন, ‘ওকালতি যারা করে, তারা কিন্তু টাউট-বাটপার হয়।’

আরও বলা হয়, আসামির এমন কুটুক্তি বাংলাদেশের আইনজীবী সমাজের জন্য মানহানিকর। আসামির এ ধরণের বক্তব্যে আইনজীবী সমাজের সুনাম চরমভাবে ভূলুণ্ঠিত হয়। আসামির বক্তব্যে বাদী তাহার পেশাগত জীবনে চরমভাবে অপমানিত হন এবং মানহানি ঘটে। যার পরিমাণ আর্থিক মানদণ্ডে ১০০ কোটি টাকার বেশি হবে। একজন স্বনামধন্য আইনজীবী হিসেবে বাদী মনে করেন উল্লেখিত আসামির এই কুটুক্তির আইনসম্মত বিচার না হলে আইনজীবীদের অবস্থান দেশবাসীর কাছে চরমভাবে ভুলুণ্ঠিত হবে।