প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচ জনই ছাড়ালেন পঞ্চাশ তবে কেউই সেঞ্চুরির দেখা পাননি। আর এই ইনিংসগুলোই দলকে এনে দিয়েছে জয়। বেঙ্গালুরুতে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ৪১৭ রানের লক্ষ্য তাড়ায় ভারত 'এ' দলকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা 'এ' দল।
'এ' দলের ম্যাচে সর্বোচ্চ রান তাড়ার জয় এটি। গত সেপ্টেম্বরের শেষ দিকে ভারত 'এ' দল লাক্ষ্নৌতে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ৪১২ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া 'এ' দলকে। সেই রেকর্ডই ভাঙলো দক্ষিণ আফ্রিকা 'এ' দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আসন্ন টেস্ট সিরিজের দলে থাকা রিশাভ পান্ত, লোকেশ রাহুল, সাই সুদার্শান, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল, মোহাম্মদ সিরাজ, কুলদিপ যাদব, আকাশ দিপ খেলেছেন 'এ' দলের হয়ে।
জুরেল দুই ইনিংসেই করেছেন অপরাজিত সেঞ্চুরি (১৩২ ও ১২৭)। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা এই ম্যাচে প্রথম ইনিংসে প্রথম বলে আউট হওয়ার পর, দ্বিতীয়টিতে করেছেন ১০১ বলে ৫৯। টেস্ট দলের আরেক ব্যাটসম্যান জুবাইর হামজা দ্বিতীয় ইনিংসে করেছেন ৮৮ বলে ৭৭।
দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আগামী শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট।