আইনজীবীদের নিয়ে কটূক্তি করায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশালের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে ঢাকার পৃথক দুই আদালতে দুটি মানহানির মামলা হয়েছে। গতকাল রবিবার ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব হাসান (রানা) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে একটি এবং অ্যাডভোকেট এটিএম আসাদুজ্জামান অন্য মামলাটি করেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টরি চাকমার আদালতে উভয় মামলায় আসামিকে হাজির হওয়ার (সমন ইস্যু) নিদেশ দিয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, এ দেশের আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠায় সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছেন। আইনপেশার মতো মহান ও মানবসেবাধর্মী পেশায় সম্পৃক্ত থেকে দেশ ও জনগণকে নিরলসভাবে সেবা প্রদান করে আসছেন। আসামি আইনজীবীদের এই অর্জন ভূলুণ্ঠিত করার নিমিত্তে এবং আইনজীবীদের হেয়প্রতিপন্ন করার নিমিত্তে গত ৫ নভেম্বর বিকেলে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর ইউনিয়নের এক জনসমাবেশে বাংলাদেশে আইনপেশায় নিয়োজিত আইনজীবীদের নিয়ে কটূক্তি করে বলেন, ‘ওকালতি যারা করেন, তারা কিন্তু টাউট-বাটপার হয়।’ আসামির এই কটূক্তি বাংলাদেশের আইনজীবী সমাজের জন্য মানহানিকর।