সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গতকাল রবিবার সেনাসদরে অ্যাডমিরাল আশরাফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ বৈঠক করে।

বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক সুস্থতা বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানো এবং যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পারস্পরিক সফরের মাধ্যমে সামরিক সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন।

অ্যাডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করাচি ও উত্তর আরব সাগরে অনুষ্ঠিত ‘আমান’ যৌথ নৌ-অনুশীলনে বাংলাদেশের অংশগ্রহণকারীদের উচ্চমানের পেশাদারিত্বের বিশেষ প্রশংসা করেন। এই সামরিক বিনিময় দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার অব্যাহত ধারাবাহিকতার প্রতিফলন বলে উভয়পক্ষ মনে করে।

এদিকে, তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। গতকাল বনানীর নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। তিনি নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে উভয় দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণ-সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধিদল, পাকিস্তান হাইকমিশনার, ডিফেন্স অ্যাটাশে ও নৌবাহিনী সদর দপ্তরের পিএসও এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে পাকিস্তান নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।