৪০ দিন পর শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শাটডাউন!

মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৪০ দিন ধরে চলা সরকারি শাটডাউন সমাপ্তির পথে এগোচ্ছে। সিনেটে একটি অন্তর্বর্তী তহবিল প্যাকেজে প্রয়োজনীয় সমর্থন পাওয়া গেছে, যা ফেডারেল সরকারের কিছু বিভাগের কার্যক্রম জানুয়ারি পর্যন্ত চালু রাখতে সক্ষম হবে।

সিনেটে এই অগ্রগতি এসেছে কয়েকজন মধ্যপন্থী ডেমোক্র্যাট সিনেটরের সমর্থনের মাধ্যমে, যারা ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা ভর্তুকি নির্ধারণ বিষয়ে ভোটের প্রতিশ্রুতির বিনিময়ে এই প্যাকেজকে সমর্থন করেছেন। চূড়ান্ত চুক্তিতে খাদ্য সহায়তা ও আইনসভা শাখাসহ কিছু গুরুত্বপূর্ণ তহবিল অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেছেন, মনে হচ্ছে আমরা শাটডাউন অবসানের খুব কাছে এসে পৌঁছেছি। তবে এই সংশোধিত তহবিলটি এখনও হাউসে পাস হওয়া এবং প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানোর প্রক্রিয়া বাকি রয়েছে। যা কয়েক দিন সময় নিতে পারে।

উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই শাটডাউনের ফলে প্রায় ৭৫০,০০০ ফেডারেল কর্মী বেতনবিহীন ছুটিতে রয়েছেন, প্রায় ৪২ মিলিয়ন আমেরিকান খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে পড়েছেন এবং বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

রাজনৈতিক অঙ্গনে এই চুক্তি নিয়ে মতপার্থক্য দেখা গেছে। সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার এই চুক্তিকে সমালোচনা করে বলছেন, এটি স্বাস্থ্যসেবা ভর্তুকি বাড়ানোর বদলে কেবল ভোটের প্রতিশ্রুতি দিচ্ছে অর্থাৎ সরাসরি ভর্তুকি বাড়ানোর কাজ হচ্ছে না। হাউস ডেমোক্র্যাট ও সিনেটর বার্নি স্যান্ডার্স-এর মতো কিছু নেতা এই পদক্ষেপকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

অন্যদিকে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন-সহ কিছু ডেমোক্র্যাট এই বোঝাপড়াকে সমর্থন করছেন, তাদের বক্তব্য অনুযায়ী এটি ফেডারেল কর্মীদের চাকরিচ্যুতি থেকে রক্ষা করবে এবং শাটডাউনের সময় আটকে থাকা বেতন ফিরিয়ে আনার পথ খুলে দেবে।