ভিলার দুর্দান্ত জয়ের নায়ক বাজপাখী দিবু মার্তিনেজ ‎

প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে অ্যাস্টন ভিলা। নিজেদের মাঠে বোর্নমাউথকে ৪–০ গোলে বিধ্বস্ত করেছে তারা, আর এই জয়ে বড় অবদান রাখেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো ‘ডিবু’ মার্টিনেজ। প্রথমে এক অবিশ্বাস্য সেভে প্রতিপক্ষের নিশ্চিত গোল ঠেকিয়ে দেন, এরপর পেনাল্টি রুখে দলকে নিরাপদ রাখেন তিনি।

‎বিরতির আগে এমিলিয়ানো বুয়েনদিয়ার নিখুঁত ফ্রি কিকে ১–০ ব্যবধানে এগিয়ে যায় ভিলা। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদু ওনানার গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বোর্নমাউথ কিছুটা চাপে ফেলে দেয় ভিলাকে, কিন্তু মার্টিনেজ ছিলেন অনবদ্য। ঘানার অঁতোয়ান সেমেনিওর বিপজ্জনক শটটি ডিফ্লেকশন নিয়ে গোলের পথে ছিল, কিন্তু দ্রুত প্রতিক্রিয়ায় বলটি কর্নারে পাঠিয়ে দেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

‎এরপর আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। বোর্নমাউথ পায় এক পেনাল্টি, কিন্তু সেমেনিওর শট দারুণ দক্ষতায় রুখে দেন মার্টিনেজ। গোলরক্ষকের অসাধারণ সেভে মাঠে উৎসবের আমেজ তৈরি হয়, সতীর্থরা ছুটে আসেন তাকে অভিনন্দন জানাতে। দর্শকদের উদ্দেশে হাত তুলে উল্লাসে মাতেন মার্টিনেজ।

‎শেষ দিকে রস বার্কলি ও ডনিয়েল মালেনের দুটি গোল নিশ্চিত করে অ্যাস্টন ভিলার বড় জয়। নিজেদের মাঠে এটি ভিলার টানা ২৩ ম্যাচের মধ্যে ২২তম জয়, যা ইউনাই এমেরির দলের প্রিমিয়ার লিগে শক্ত অবস্থান আরও মজবুত করেছে।

‎দলের আর্জেন্টাইন জুটি—বুয়েনদিয়া ও মার্টিনেজ—এই জয়ে ছিলেন উজ্জ্বল, আর তাদের পারফরম্যান্সে প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগে উচ্চাভিলাষী হয়ে উঠছে বার্মিংহামের ক্লাবটি।