শিবালয়ে রাতে হঠাৎ স্কুল বাসে আগুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ মোড়ে হঠাৎ একটি স্কুল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় একটি সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করা অবস্থায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাসটি আগুনে পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ বাসে আগুন জ্বলতে দেখে তারা দ্রুত নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি অনেকটাই পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহত হয়নি।।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনও  জানা যায়নি। তবে আমরা ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।