নারী অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। মালয়েশিয়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দফতরে এই ড্র অনুষ্ঠানে দৃষ্টি ছিল বাংলাদেশের ফুটবলপ্রেমিকদের। এবারই প্রথম মূলপর্বে খেলবে বাংলাদেশের মেয়েরা। সর্বনিম্ন র্যাংকিং হওয়ায় দেখার ছিল তাদের প্রতিপক্ষ কারা হয়। বাংলাদেশের জায়গা হয়েছে এ গ্রুপে। যেখানে আরও আছে শক্তিশালী চীন, স্বাগতিক থাইল্যান্ড ও ভিয়েতনাম। আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে মাঠে গড়াবে খেলা।
১২ দলের আসরে গ্রুপ হয়েছে তিনটি। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং দুই সেরা তৃতীয়স্থান হওয়া দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। এই আসরের সেরা চার দলের জায়গা হবে ২০২৬ সালে পোল্যান্ডে হতে যাওয়া অনূর্ধ্ব ২০ নারী বিশ্বকাপে।
এ গ্রুপ: চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, বাংলাদেশ।
বি গ্রুপ: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান।
সি গ্রুপ: জাপান, অস্ট্রেলিয়া, চীনা তাইপে, ভারত।