আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত মঈনুল ইসলাম খান শান্তকে অবশ্যই সাংগঠনিক নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। দায়িত্বশীল নেতাদের অবজ্ঞা করলে তা কঠোরভাবে প্রতিহত করাসহ সাত দিনের আল্টিমেটাম দেওয়ার কথা জানান বক্তারা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এর আগে একটি শোভাযাত্রা বের হয়।
সমাবেশে তারা বলেন, দলীয় প্রার্থী যেই হোন না কেনো, তাকে তৃণমূলের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকাই হবে আমাদের মূল লক্ষ্য।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোহসীন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম তালুকদার স্বাধীন, প্রচার সম্পাদক আউয়াল শরীফ খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক রাসেল শাহ, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক আশরাফুল আলম খান শ্যামল, বিপ্লব হোসেন দেওয়ান ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাবুল ইসলাম প্রমুখ।