হিলিতে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আমদানি নির্ভরতা কাটিয়ে উঠে পেঁয়াজ ও তেলে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষকদের এসব ফসল চাষে উৎসাহিত করতে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ১ হাজার ৪শ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম তাদের হাতে এসব সার ও বীজ তুলে দেন। 

এ সময় ১ হাজার ৪শ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ১০ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। ২০ জন কৃষককে ১ কেজি করে সূর্যমুখীর বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। সেই সঙ্গে কিভাবে এসব সরিষা পেঁয়াজ ও সূর্যমুখী বীজ রোপণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে সে সম্পর্কে কৃষকদের অবগত করেন কৃষি কর্মকর্তারা।

এ সময় সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।