নির্বাচন বিতর্কিত হলে প্রশাসনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে: খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন বিতর্কিত হলে প্রশাসনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, দানবীয়-মাফিয়া সরকারের পতন হয়েছে। আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের শিক্ষা নিয়ে একটি সুন্দর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি তারা পক্ষপাতিত্ব করে কিংবা নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয় তবে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

সোমবার (১০ নভেম্বর) সকালে নরসিংদী পৌরসভার ১নম্বর ওয়ার্ডে নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

মনোনয়নের পর থেকেই জনগণের মনে উৎসাহ-উদ্দিপনা সৃষ্টি হয়েছে জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, আমরা দৃঢ়ভাবে আশাবাদী আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে মুল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমরাও ঘোষণা দিয়েছি নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্খার বাস্তবায়ন করা হবে।

নাম উল্লেখ না কিছু দলের প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে। কিছু দল জানে নির্বাচন হলে তাদের জামানত থাকবে না। তারাই আজ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টায় লিপ্ত।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন হলে তারা কয়টা আসন পাবে তারা তা জানে। নির্বাচন বিলম্বিত হলে এখনকার মতো তারা কিছু সুযোগ সুবিধা বেশি পাবে তাই নির্বাচন বাঞ্চালের অপচেষ্টা চলাচ্ছে। এইসব অপচেষ্টা করে তারা জনবিচ্ছিন্ন হবে, আর ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি একেএম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূইয়াসহ জেলা, শহর ও চিনিশপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।