ফের মঞ্চ কাঁপাবে আজম খানের ‘উচ্চারণ’

আবার মঞ্চ কাঁপাবে ব্যান্ড সম্রাট আজম খানের হাতে গড়া দল ‘উচ্চারণ’। বিষয়টি নিয়ে একটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তিও হয়েছে। চুক্তি অনুযায়ী আজম খানের পরিবার- তার নাম, ছবি ও সৃষ্টির সকল কপিরাইট এবং মালিকানা বজায় রাখবে; উচ্চারণ ব্যান্ড তার গান পরিবেশন ও প্রচারে সক্রিয় থাকবে। সম্প্রতি ধানমণ্ডিতে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষরের এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চারণ ব্যান্ডের সকল সদস্য, ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ও ম্যানেজার এজাজ রহমান। 

চুক্তি স্বাক্ষরের সময় উচ্চারণ ব্যান্ডের পক্ষ থেকে স্বাক্ষর করেন ব্যান্ডলিডার দুলাল জোহা, আজম খানের পরিবারের পক্ষ থেকে তার কন্যা অরনি খান, এবং এজেন্সির সিইও এরশাদুল হক টিংকু। দুলাল জোহা বলেন, ‘এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ। আমরা তার গানগুলোকে শুধু দেশের ভেতরে নয় আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে চাই।’ 

বর্তমান উচ্চারণ ব্যান্ডের লাইনআপ আছেন- দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), সেকান্দার আহমেদ খোকা (বেস গিটার), পেয়ারু খান/ বাপ্পী (ড্রামস) পার্থ মজুমদার (লিড গিটার) এবং প্রেম (কিবোর্ড)। জানা গেছে, আগামী বছর উচ্চারণ দেশ-বিদেশে একাধিক লাইভ কনসার্টের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তাদের বেশ কিছু টেলিভিশন লাইভ অনুষ্ঠান প্রচারিত হবে।