বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন হত্যা মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিযুক্ত করে মোট ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) এ মামলার অভিযোগপত্র জমা দেওয়ার দিন ধার্য থাকলেও রবিবার (৯ নভেম্বর) রাতেই তা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফুল ইসলাম ও প্রনয় কুমার প্রামানিক।
মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবীর বিন আনোয়ার, সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সাবেক এমপি জান্নাত আরা হেনরী, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান।
২০২৪ সালে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্টে আওয়ামী লীগের নেতাকর্মীর হামলায় সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জ, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখ নিহত হন। এ ঘটনায় ২২ আগস্ট রাতে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমি খাতুন, সিরাজগঞ্জ পৌর এলাকার বিএনপিকর্মী নিহত আব্দুল লতিফের বোন সালেহা বেগম ও একই এলাকার বিএনপিকর্মী সুমনের পরিবারের করা তিনটি মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯০০ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে রবিবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।