পার্বতীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামানের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে গণসংযোগ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান।

আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার রোডে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এ সময় নির্বাচনী এলাকার শত শত মানুষ ও বিভিন্ন স্তরের নেতা-কর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি তাদের নিয়ে বাজারের সকল ধরনের ব্যবসায়ীদের দোকান-দোকান ঘুরে খোঁজখবর নেন।

বাজারে গণসংযোগের সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংবলিত প্রচারপত্রের বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেন। এ সময় তিনি বাজারে আসা সাধারণ মানুষের নানা সমস্যার কথা শোনেন।

তার এই গণসংযোগে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাদো, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম ডাক্তার, বিশিষ্ট ঠিকাদার ও যুবনেতা সাকিব হোসেন ডলার প্রমুখ। এছাড়া আরও অনেক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

বাজারের বিভিন্ন দোকান এবং পথচারীদের সঙ্গে কথা বলার সময় ব্যারিস্টার একেএম কামরুজ্জামান বলেন, “আমি নির্বাচিত হলে মাদকমুক্ত একটি উপজেলা হিসেবে পার্বতীপুর গড়ে তুলব। মানুষ পরিবর্তন চায়। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই নতুন কিছু করার শক্তি, আপনারাই থাকবেন এই যাত্রার মূল শক্তি। আমরা আপনাদের নিয়ে সামনে চলব।”