মঙ্গলবার পল্টনে লাখ লাখ মানুষের সমাবেশ হবে: ৮ দল

মঙ্গলবার (১১ নভেম্বর) পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত হবে আট দলের সমাবেশ, যেখানে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আন্দোলনরত আট দলের নেতারা। 

এই ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সোমবার বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে আট দলের লিয়াজো কমিটির বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য আমাদের আন্দোলন চলমান। সরকার এখনও জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তাই আগামীকাল সমাবেশের মাধ্যমে দেশ ও জাতিকে একটি বার্তা দেওয়া হবে।

হামিদুর রহমান জানান, সমাবেশটি হবে রাজধানীর কেন্দ্রস্থলে। পল্টন মোড়ের দক্ষিণ পাশে স্টেজ স্থাপন করা হবে। 

সমাবেশ দুপুর দুইটায় শুরু হয়ে বিকাল চারটায় শেষ হবে। তিনি আশা প্রকাশ করেন, এতে জনদুর্ভোগ হবে না, কারণ সময় পরিকল্পনা করা হয়েছে অফিসের লাঞ্চের পরে।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আরও বলেন, রাজধানীর সমাবেশ সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা হবে। আমরা আশা করি, সরকারের উচিত হবে আমাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়া। এছাড়া, আলোচনার মাধ্যমে জুলাই সনদ রচিত হয়েছে। কিছু মতভিন্নতা থাকলেও তা সমাধান করা হয়েছে। গণভোট সংক্রান্ত পদক্ষেপ সংবিধান অনুযায়ী হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্য উপস্থিত ছিলেন: ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, যুগ্ম মহাসচিব মাওলানা তৌহিদুজ্জামান, অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, নেজামে ইসলাম পার্টির অর্থ সচিব কাজী আনোয়ারুল করিম, 
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) জেনারেল সেক্রেটারি মো. কাজী নিজামুল হক প্রমুখ।