বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের জন্য আট ঘণ্টার পরিবর্তে পাঁচ ঘণ্টা কর্মসময়ের ব্যবস্থা করা হবে।
সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় আয়োজিত এক সমাবেশে তিনি এই প্রস্তাব তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান জানান, “নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়টি অবাস্তব নয়, বরং এটি বাস্তবায়নযোগ্য উদ্যোগ। কোনো প্রতিষ্ঠান যদি এতে ক্ষতির মুখে পড়ে, তবে সরকার তাদের জন্য তিন ঘণ্টার সমপরিমাণ ভর্তুকি দেবে।”
তিনি আরও বলেন, “যেসব নারী ঘরে সময় দিতে চান, রাষ্ট্র তাদের অবদানকেও সম্মানের সঙ্গে স্বীকৃতি দেবে।”
সমাজ পরিবর্তনের আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, “আমরা এমন এক সমাজ চাই যেখানে ন্যায়, শুদ্ধতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। এই পরিবর্তনের লড়াইয়ে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে।”
শিশুদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্র সব শিশুকে সমানভাবে দেখবে। কার সন্তান, কোন পরিবারে জন্মেছে— সেই ভেদাভেদ রাখা হবে না।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের সমস্যা সমাধানে তাদের ঘরে ঘরে গিয়ে কাজ করব। মানুষকে আর প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে হবে না।”