সেই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিস

শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলায় কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিমকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে উত্তর জেলা বিএনপি। দলের মধ্যে নেতিবাচক প্রভাব এবং দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়। নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। গতকাল সোমবার এ নোটিস পাঠানো হয়েছে বলে জেলা বিএনপির কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, গত ৭ নভেম্বর তিতাস উপজেলার গাজিপুরে তিতাস ভবনে  বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম তার বক্তব্যে বলেন ‘জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ভরে স্বরণ করছি।’ ওই বক্তব্যের ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে মেহেদি হাসান সেলিম বলেন, ‘আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছিলাম, তখন ভুলক্রমে বক্তব্যের শেষপর্যায়ে আমি অন্য একটি নাম উল্লেখ করি, সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে উপস্থিত নেতাদের সামনে আমি ক্ষমা প্রার্থনা করি। এটি ছিল একটি সিøপ অব টাং এবং আমার অজান্তে এই ভুলটি ঘটে।’

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মো. আক্তারুজ্জামান বলেন, দলের ভাইটাল পদে থেকে এ রকম বক্তব্য দলের মধ্যে নেতিবাচক প্রভাব এবং দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিমকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।