বকেয়া মেটাল বিপিডিবি, বিদ্যুৎ দিচ্ছে আদানি

বকেয়া বিদ্যুৎ বিলের আংশিক অর্থ পরিশোধ করায় ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে। সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ৩০ মিলিয়ন ডলার পরিশোধের পর আজ মঙ্গলবার থেকে আদানি তার গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল করেছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) রিয়েল-টাইম তথ্য অনুযায়ী, আজ ভোর ১টায় আদানি ১১৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। তবে সরবরাহের পরিমাণ এরপর থেকে ওঠানামা করছে, সকাল ৭টায় যা কমে ৮৪২ মেগাওয়াটে নেমে আসে।

বিপিডিবি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ৩০ মিলিয়ন ডলারের একটি লেটার অব ক্রেডিট (এলসি) খুলে আদানির কাছে প্রেরণ করেছে। এই আংশিক অর্থপ্রদানের মাধ্যমে ১৬০০ মেগাওয়াট সক্ষমতার গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধের ঝুঁকি আপাতত এড়ানো সম্ভব হয়েছে।

গত অক্টোবরের শেষদিকে আদানি পাওয়ারের পক্ষ থেকে বিপিডিবির কাছে প্রেরিত চিঠিতে ৪৯৬ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধে ১০ নভেম্বর পর্যন্ত সময় বেধেঁ দেওয়া হয়েছিল। চিঠিতে সতর্ক করা হয়েছিল যে অর্থপ্রদান না হলে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

বিপিডিবির এক কর্মকর্তা জানান, আমরা আদানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং বকেয়ার যে অংশ নিয়ে বিতর্ক নেই, তা পর্যায়ক্রমে পরিশোধের বিষয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য, গত বছর আগস্টে সরকার পরিবর্তনের পর ভারতীয় নীতিতে পরিবর্তন আসায় আদানি পাওয়ার এখন চাইলে স্থানীয় ভারতীয় বাজারেও গোড্ডা প্ল্যান্টের বিদ্যুৎ বিক্রি করতে পারে। এই পরিবর্তন বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।