রাজধানীর পল্টনে সমমনা আট রাজনৈতিক দলের সমাবেশ শুরু

রাজধানীর পল্টনে সমমনা আটটি রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বর মাসেই গণভোট আয়োজন ও নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় এই সমাবেশ শুরু হয়।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। ‘জুলাই সনদ বাস্তবায়ন কর, গণভোটের তারিখ দাও’, ‘লেভেল প্লেয়িং ফিল্ড চাই’-এমন স্লোগান ও ব্যানারে পল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)।

সমাবেশে বক্তব্য রাখবেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

এই সমাবেশ চলাকালীন পল্টন ও এর আশেপাশের এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকায় যানজট তৈরি হয়েছে। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।