দুর্নীতির মামলায় আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক ও দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের এই আবেদন মঞ্জুর করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতের আদেশে নিকুঞ্জে অবস্থিত দুটি ফ্ল্যাট ক্রোক এবং ১০টি ব্যাংক হিসাবে থাকা ৪০ লাখ ৫৬ হাজার ৫৮৩ টাকা ফ্রিজ করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান আদালতে আবেদন করেন যে, তদন্তকালে প্রমাণিত হয়েছে সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। তিনি তার শুভাকাঙ্ক্ষী সানজিদা আক্তারের নামে অবৈধভাবে অর্জিত সম্পদ গোপন করেছেন।
ক্রোককৃত সম্পদের মধ্যে রয়েছে- নিকুঞ্জ এলাকায় সানজিদা আক্তারের নামে ক্রয়কৃত দুটি ফ্ল্যাট (মূল্য: ৯৫ লাখ টাকা), বিভিন্ন ব্যাংকে সানজিদা আক্তারের নামে প্রায় ৪৫ লাখ টাকার এফডিআর, তল্লাশিতে হান্নানের বাসা থেকে উদ্ধারকৃত ২৬ লাখ টাকার বিভিন্ন দেশের মুদ্রা।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, তদন্ত নিষ্পত্তির আগেই এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা চলছে, যা পরবর্তীতে উদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে জরুরি ভিত্তিতে এই সম্পদ ক্রোক ও ফ্রিজ করা প্রয়োজন।