‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’য় পুনম ও মধুবন্তী

১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্ট। অ্যাসেন কমিউনিকেশন ও স্টেট মিডিয়ার আয়োজনে এই কনসার্টের মাধ্যমে ঢাকায় প্রথমবারের মতো এক মঞ্চে গাইবেন জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমত।তাদের সঙ্গে আরও থাকছেন বাংলাদেশের নতুন প্রজন্মের দুই সংগীত শিল্পী পুনম ও মধুবন্তী চক্রবর্তী। পুনম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে স্টেজ শোর পাশাপাশি নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রয়েছেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক হিসেবেও। তার কণ্ঠে ‘তোমাকে ভেবে’, ‘এলোরে বৈশাখ’, ‘আমি তোর রাধা’ শিরোনামে তিনটি গান শ্রোতাদের মধ্যে বেশ প্রশংসা পায়। সম্প্রতি ‘নাদান’ শিরোনামের একটি সিনেমাতে কণ্ঠ দিয়েছেন তিনি। তার সঙ্গে দ্বৈত গেয়েছেন মধুবন্তী চক্রবর্তী। 

অন্যদিকে মধুবন্তী চক্রবর্তী স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন বলেন জানান। তার শিক্ষাজীবনের ২০ বছরই কাটে শান্তিনিকেতনে। সংগীত নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন শান্তিনিকেতনেই। ইতোমধ্যে তার কণ্ঠে ‘আমি তোরই হতে চাই’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। খুব শিগগির নতুন গান নিয়ে আসছেন তিনি। জেমস ও আলী আজমতের সঙ্গে একইমঞ্চে পারফর্ম প্রসঙ্গে পুনম ও মধবন্তী বলেন, ‘‘এটা আমাদের জন্য অনেক আনন্দের। দুজন গুনী শিল্পীর সঙ্গে একইমঞ্চে আমরাও থাকছি। শ্রোতাদের মন জয় করার চেষ্টা করবো।’’