বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, ইতোমধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইন চ’ড়ান্ত হয়েছে। আশা করছি শিগগির তা পাস হবে। মুক্তিযুদ্ধের চেতনার চেয়ে বড় কিছু হতে পারে না। আর দলীয় রাজনীতির ঊর্ধ্বে অবস্থান করতে হবে পেশাজীবীদের। বিভাজন থাকলে চলবে না। অর্গানাইজেশন নয়, দেশকে ভালোবেসে কাজ করতে হবে। দেশেকে ভালোবেসে যার যার কাজ করতে হবে। তবেই আলো দেখতে পারব।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের সাংবাদিকতার আইন জানা দরকার। মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ে আপনাদেরই এগিয়ে আসতে হবে। আপনাদের অধিকারের কথা আপনাদেরই বলতে হবে। কার্ডধারী সাংবাদিকতা সমাজের সমস্যা। কাজেই পরিবেশ ভালো হওয়া দরকার।
প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। এতে স্বাগত বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার রহিমা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুছাব্বেরুল ইসলাম।