ময়মনসিংহ নগরীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রানা নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কেওয়াটখালি রেললাইন এলাকার সরকারি জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রানা (১৬) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শেষ মোড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
বাকৃবি ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মোমেন মোর্শেদ জানান, সকালে কেওয়াটখালি রেললাইনের পাশে থাকা একটি কদম গাছে ডাল কাটতে উঠে রানা। একপর্যায়ে ডালের সঙ্গে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লাগে ছটফট করতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গাছে উঠে তাকে মৃত অবস্থায় নিচে নামিয়ে আনেন।
মরদেহ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।