ইসলামাবাদে আত্মঘাতী হামলা, নিহত ১২ 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাচেহরি আদালত ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, হামলাটি দুপুর ১২টা ৩৯ মিনিটে ঘটে। হামলাকারী আদালতে প্রবেশের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে পুলিশ গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। আহতদের মধ্যে আইনজীবী ও আপিলকারীরাও রয়েছেন। বিস্ফোরণের পর আদালত ভবন খালি করে  কার্যক্রম স্থগিত করা হয়।

পুলিশ, উদ্ধারকর্মী ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

হামলাটি ভারত-সমর্থিত সন্ত্রাসী ও আফগান তালেবানের সহযোগী ফিতনা আল-খারেজ গোষ্ঠী পরিচালনা করেছে বলে সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ।

দেশে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। যেখানে ২০২৫ সালের প্রথম আট মাসে ছয়শর বেশি হামলার ঘটনা ঘটেছে।