ইশতেহারের চেয়ে পাঁচ গুণ বেশি কাজ করব: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েম বলেছেন, “আমরা যে ৩৬টি ইশতেহার দিয়েছি, তার অনেকগুলো নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। 

তবে আমরা কেবল তা পূরণেই থামব না, বরং এগুলোর চেয়ে পাঁচ গুণ বেশি কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের নীতি ও পরিকাঠামোকে এমনভাবে দৃঢ় করা যাতে ভবিষ্যতে কেউ এটি ক্ষতিগ্রস্ত করতে না পারে।”

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল চারটায় ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সব কমনরুম, মসজিদ ও লাইব্রেরিতে কার্পেট বিতরণ কার্যক্রমের সময় ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “মসজিদ এবং মেয়েদের কমনরুমে কার্পেট দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এতে আমাদের সহযোগিতা করেছে ইনসাফ। 

৫ আগস্টের পর থেকে আমরা যেসব উদ্যোগ নিয়েছি, সেগুলো সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতেও আমরা এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের সময়ে মসজিদ ও মেয়েদের কমনরুমগুলো সবচেয়ে বেশি উপেক্ষিত ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা মেডিকেল সেন্টারে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের পরিকল্পনা নিয়েছি এবং সেখানে যেসব সিন্ডিকেট তৈরি হয়েছে, তা ভাঙার উদ্যোগ নেব। 

খাবারের মান উন্নয়নে ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আমরা মূলত নীতিগত ভিত্তিতে কাজ করছি, যাতে ভবিষ্যতে কেউ বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে নিতে না পারে।”