নতুন সম্পর্কে জেসিকা অ্যালবা

হলিউডের লাস্যময়ী অভিনেত্রী হিসেবে পরিচিত জেসিকা অ্যালবা নতুন করে আবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। বিয়েবিচ্ছেদের স্মৃতি কাটিয়ে অভিনেতা ড্যানি রামিরেজের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এ তারকা। সম্প্রতি ওয়েস্ট হলিউডে অনুষ্ঠিত ‘বেবি-২ বেবি’ অনুষ্ঠানের গালার লালগালিচায় একসঙ্গে হাত ধরে উপস্থিত হন দুজন। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও রামিরেজের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন এই অভিনেত্রী, যার ক্যাপশন তাদের প্রেমের গুঞ্জনের পালে জোর হাওয়া দিয়েছে। সেখানে একটি ছবির ক্যাপশন ছিল, ‘জেসিকা আলবা তার সুখের সময় পার করছেন।’ তবে পরে হঠাৎ করেই সেই ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলা হয়।

এর আগে গত মে মাসে লন্ডনে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়, জুলাইয়ে কানকুনে তারা একসঙ্গে ছুটি কাটান। সেপ্টেম্বরে ইউএস ওপেনে প্রকাশ্যে ভালোবাসা দেখাতেও দ্বিধা করেননি তারা। এমনকি জেসিকার বাবার জন্মদিনের ছবিতেও দেখা যায় ড্যানিকে। অক্টোবরে প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, তারা অস্ট্রেলিয়ার বায়রন বে-এর সৈকতে হাত ধরাধরি করে হাঁটছেন। জানা গেছে, তারা অনেক আগে থেকেই বন্ধু ছিলেন, পরে সম্পর্কটি রোমান্টিক হয়ে ওঠে। জেসিকা এখন নিজের জীবনের নতুন সময় উপভোগ করছেন।’

২০০৮ সালে ক্যাশ ওয়ারেনকে বিয়ে করেন জেসিকা। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে যায়। এর আগে বিচ্ছেদের পর নিজের ইনস্টাগ্রামে আলবা লিখেছিলেন, ‘আমরা একসঙ্গে অনেকটা পথ পেরিয়েছি। এখন সময় এসেছে ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রেখে নিজ নিজ পথে নতুন যাত্রা শুরু করার।’