দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট জব্দ ও ১০টি ব্যাংকে ৪০ লাখ ৫৬ হাজার ৫৮৩ টাকা অবরুদ্ধ করা হয়েছে। ফ্ল্যাট দুটি ঢাকার নিকুঞ্জে অবস্থিত। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ফ্ল্যাট ও ব্যাংকের হিসাব অবরুদ্ধের আবেদন করেন। তার আবেদনে পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, এয়ার চিফ মার্শাল সাবেক বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকালে রেকর্ডপত্র ও জব্দ করা আলামত পর্যালোচনায় দেখা যায়, এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিভিন্ন সময় অবৈধভাবে অর্জিত সম্পদ গোপন করার উদ্দেশ্যে তার শুভাকাক্সক্ষী সানজিদা আক্তারের নামে ক্রয় করেছেন এবং এ বিষয়ে সানজিদা আক্তার তাকে সহযোগিতা করেছেন।
তিনি সানজিদা আক্তারের নামে ঢাকার খিলক্ষেত এলাকার নিকুঞ্জ-এ ৯৫ লাখ টাকার দুটি ফ্ল্যাট করে দিয়েছেন। এ ছাড়া, বিভিন্ন ব্যাংকে তার নামে প্রায় ৪৫ লাখ টাকার এফডিআর সংরক্ষিত আছে এবং তল্লাশিকালে তার বাসা থেকে প্রায় ২৬ লাখ টাকার বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিভিন্ন সূত্রের ভিত্তিতে জানা যায়, সানজিদা আক্তার এসব স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্থান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তদন্ত নিষ্পত্তির পূর্বে নিম্নবর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে ওই টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে।