সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারক স্থায়ীভাবে নিয়োগ পেয়ে বুধবার (১২ নভেম্বর) দুপুরে শপথ নেবেন। দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে, মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে স্থায়ী হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন। এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির পরামর্শক্রমে এই নিয়োগ প্রদান করেছেন।
উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর ২৩ জনকে অনধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই তালিকা থেকে এবার ২২ জনকে স্থায়ী করা হলো।
শপথ গ্রহণের মাধ্যমে এই বিচারকরা এখন থেকে হাইকোর্টে স্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্ত ২২ বিচারপতির মধ্যে রয়েছেন- মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী।