জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. সাদি হাসান, মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান, মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সামি উদ্দীন সাজিদ ও মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জাহিদুর রহমান জনি।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট, শান্ত চত্বর ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের কক্ষে ছাত্রদলের দুই গ্রুপ-কাজী জিয়া উদ্দিন বাসেত গ্রুপ ও সুমন সরদার গ্রুপের মধ্যে তিন দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় সহকারী প্রক্টর ড. মো. নঈম আক্তার সিদ্দিকীসহ ১২ জন আহত হন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে চার শিক্ষার্থীকে ‘অভিযুক্ত চিহ্নিত’ করে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ আচরণ নয় ও শৃঙ্খলা পরিপন্থী।
সূত্রমতে, সংঘর্ষের সূত্রপাত হয় সোমবার আস-সুন্নাহ পরিবহনের একটি বাসে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাজিদ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদীর মধ্যে কথা কাটাকাটি থেকে। পরদিন এই বিবাদের জেরেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক সংঘর্ষ হয়।