পাকিস্তানে টিটিপির ৫ ‘জঙ্গী’কে হত্যা, জিম্মি শিক্ষার্থীদের উদ্ধার

ইসলামাবাদে বোমা হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানে সেনা অভিযানের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এদিকে, পশ্চিম ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজে জিম্মি পরিস্থিতির অবসান ঘটিয়ে পাঁচ জঙ্গিকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদের একটি আদালত চত্বরে সংঘটিত আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার দায়িত্ব স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার ও ভারত এই জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করছে।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, টিটিপি জঙ্গিদের আশ্রয় না দিতে তালেবান সরকারকে বারবার অনুরোধের পরও কাজে আসছে না। পাকিস্তানকে অস্থিতিশীল করতে আফগানিস্তান ও ভারতের অপচেষ্টার জবাব একই কায়দায় দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

পশ্চিম ওয়াজিরিস্তানের ওয়ানা জেলায় একটি ক্যাডেট কলেজে জিম্মি পরিস্থিতির সফল সমাপ্তি ঘটিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বোমা বহনকারী এক আত্মঘাতীসহ মোট পাঁচ জঙ্গিকে হত্যা করে সব শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার থেকে এই কলেজটি টিটিপি জঙ্গিদের দখলে ছিল।

খাজা আসিফের হুমকির পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিতে অভিযানের আশঙ্কায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি গত শুক্রবার শেষ হয়েছে বলে জানা গেছে।