মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বুধবার (১২ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকারের অবস্থা, আসন্ন জাতীয় নির্বাচনসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের অবস্থান তুলে ধরেন।

সূত্র জানিয়েছে, বৈঠকটি সৌজন্যমূলক হলেও এতে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের প্রতিফলন দেখা গেছে।