রাজধানীর মধ্য বাড্ডায় গুলি করে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির খ-১৯৮ নম্বর দুইতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের লাশ উদ্ধার করে পুলিশ। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, ‘বাসাটির মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার থুতনির নিচে একটি ছিদ্র রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের মানুষজনের কাছ থেকে জানা গেছে, যেই বাসা থেকে লাশটি উদ্ধার হয়েছে সেটি নিহতের বাসা নয়। মাদক কারবারীদের কোনো দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে তা বিস্তারিত তদন্তের পরেই বলা যাবে।’
এসআই হাসানুর রহমান জানান, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার, বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। তবে এখনো নিহতের পরিবারের সদস্যদের সন্ধান পাওয়া যায়নি।
ঘটনাটি তদন্তাধীন এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।