উদ্বেগ-উৎকণ্ঠা ও দফায় দফায় মৃত্যুর খবরের পর এবার হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। বুধবার (১২ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৮৯ বছর বয়সী কিংবদন্তি এই চলচ্চিত্র অভিনেতা। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল ৩১ অক্টোবর শ্বাসকষ্টের সমস্যার কারণে। হাসপাতালের ডা. প্রীত সামদানি এনডিটিভিকে নিশ্চিত করে বলেছেন, ‘ধর্মেন্দ্রজিকে সকাল ৭.৩০টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবার তার বাড়িতেই চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।’
অভিনেতার পরিবারও একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘মি. ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বাড়িতেই সুস্থ হয়ে উঠবেন। আমরা গণমাধ্যম ও জনসাধারণকে অনুরোধ করছি, এই সময় তার ও পরিবারের গোপনীয়তা সম্মান করতে। আমরা সবার ভালোবাসা, প্রার্থনা এবং শুভকামনার জন্য ধন্যবাদ জানাই।’
এর আগে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বেশ কয়েকটি পোর্টাল অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করেছিল। ধর্মেন্দ্রের মেয়ে এশা দেওল সেই মিথ্যা প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে বলেছেন, তার বাবা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন।