টেস্টে বাংলাদেশের এক শান্তির দিন, স্কোরবোর্ডে ১ উইকেটে ৩৩৮ রান 

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা পুরোপুরিই বাংলাদেশের কেটেছে। স্কোরবোর্ড- জ্বলজ্বল করছে ১ উইকেটে ৩৩৮ রান। দুই অপরাজিত ব্যাটার—মাহমুদুল হাসান জয় রয়েছেন ১৬৯ রানে, মুমিনুল হক ৮০ রানে মাঠ ছেড়েছেন তার সঙ্গে। এর আগে সাদমান ইসলামও ৮০ রান করেছেন। টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এক ইনিংসে প্রথম তিন ব্যাটসম্যান ফিফটি করলেন। আগেরবার এমন কীর্তি গড়েছিল বাংলাদেশ ২০১০ সালে, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে।

দিনের শুরুতে আর মাত্র ১৪ বলে আয়ারল্যান্ডের বাকি দুই উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। অতিথিদের ২৮৬ রানের জবাবে শুরু হয় মাহমুদুল-শাদমানের ১৬৯ রানের জুটি। দুজনই খেলেছেন নিয়ন্ত্রিত আক্রমণাত্মক ব্যাটিং—সময়ে সময়ে বল ছেড়েছেন, আবার সুযোগ বুঝে বাউন্ডারিও আদায় করেছেন। 

সাদমান সেঞ্চুরি মিস করেছেন। ছবি: দেশ রূপান্তর

আয়ারল্যান্ডের বোলাররা ছিলেন দিশাহারা। কেউই ধারাবাহিক লাইন-লেন্থ বজায় রাখতে পারেননি—কখনও খুব ছোট, কখনও অতিরিক্ত ফুল লেংথে বল করে সুবিধা পাইয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের। একমাত্র উইকেটটি নিয়েছেন স্পিনার হ্যাম্পফ্রিস, বাহাতি ব্যাটার সাদমানকে আউট করেছেন।

জয় মেরেছেন ১৪ বাউন্ডারি ও ৪ ছক্কা। ছবি- দেশ রূপান্তর

এরপর মুমিনুল যোগ দেয়ার কিছুক্ষণের মধ্যে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল হাসান জয়। ২৮৩ বলে ইনিংসে ১৪টি চার ও ৪টি ছক্কা হাকিয়েছেন ডান হাতি ব্যাটার। পুরো ইনিংসে ৬০টি সিঙ্গেলস, ১০টি ডাবলস ও তিন বার তিন রান নিয়েছেন তিনি। অন্যদিকে ৩৪টা সিঙ্গেলসে গড়ে ওঠা মুমিনুলের ১২৪ বলের ইনিংসে আছে ৫টি বাউন্ডারি ও দুটি ছক্কা। এই দুজন ৩০ ওভারের শেষ সেশনে ১৪০ রান যোগ এনে দিয়েছেন। 

দিন শেষে ১৪তম সেঞ্চুরির অপেক্ষায় মুমিনুল হক। ছবি- দেশ রূপান্ত

কাল সকালে ১৪তম সেঞ্চুরির লক্ষ্যে ব্যাট শুরু করবেন সাবেক অধিনায়ক। তার সঙ্গে জয় থাকবেন ডাবল সেঞ্চুরির প্রত্যাশায়। এই জুটি আরও কিছুক্ষণ টিকে যেতে পারেন, তাহলে আয়ারল্যান্ডের সামনে এক কঠিন, দীর্ঘ দিনের অপেক্ষা ছাড়া আর কোনো উপায় থাকবে না।