ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুলেমা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত সুলেমা খাতুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া গ্রামের আবেদ আলীর মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরে বুধবার সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মমেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৭ জন ভর্তি হয়েছেন এবং ১৮ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ১১১ জন রোগী চিকিৎসাধীন আছেন—এর মধ্যে পুরুষ ৭৭ জন, নারী ২৫ জন এবং শিশু ৯ জন।

চলতি বছর নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ২১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে।