হাইকোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ বিচারকের শপথ  

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ২১ জন বিচারক শপথ নিয়েছেন। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করান। শপথ নেওয়া বিচারকরা হলেন, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী। গতকাল ২২ জন বিচারকের শপথ নেওয়ার কথা থাকলেও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায় তার শপথ স্থগিত করা হয়। শপথ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকরা, আইনজীবী, শপথ নেওয়া বিচারকদের স্বজনরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

গত মঙ্গলবার ২২ অতিরিক্ত বিচারকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। গত বছরের ৮ অক্টোবর ২৩ জন বিচারককে হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। তবে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের বিধান অনুযায়ী, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় মঙ্গলবারের প্রজ্ঞাপনে তার নাম ছিল না। ওই দিন রাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ হওয়া সাপেক্ষে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল তার বিষয়ে (স্থায়ী বিচারক) সুপারিশের সিদ্ধান্ত নেবে।