‘শেখ হাসিনা খালাস পাবেন’ আশা আইনজীবীর

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ১৭ নভেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবেন। এটা আমি বিশ্বাস করি। লার্নেড ট্রাইব্যুনালের সকল জাজকে ধন্যবাদ জানাই। তারা কষ্ট করে মামলার সাক্ষী, জবানবন্দি, জেরা শেষ করেছেন। রায়ের জন্য দিন ধার্য করেছেন।

তিনি বলেন, আমি মনে করি যে সকল সাক্ষী জবানবন্দি দিয়েছেন, জেরা হয়েছে, বিভিন্ন সময় আইনজীবী হিসেবে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে সক্ষম হয়েছি। দালিলিক সাক্ষ্য নিয়েও প্রশ্ন তুলেছি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস কবি, আমার ক্লায়েন্টরা খালাস পাবেন।

বিচারপ্রক্রিয়া নিয়ে আমির হোসেন বলেন, আমি কোনো অস্বস্তি দেখি নাই। কেউ আমাকে ইন্টারেপ্ট করে নাই। মামলা পরিচালনায় যে সহযোগিতা লাগে যেমন দলিল-দস্তাবেজ, রাষ্ট্রপক্ষ থেকে আইন অনুযায়ী আমাকে দেওয়া হয়েছে। যে সব ডকুমেন্ট পেয়েছি তার আলোকেই আমাকে কাজ করতে হয়েছে।