কুমিল্লা সীমান্তে বিএসএফের নলের আঘাতে বাংলাদেশি যুবক আহত

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নলের আঘাতে সফিক (২৯) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার খারেরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা সীমান্তের ৭০ নম্বর পিলারসংলগ্ন জিরো পয়েন্ট এলাকায়। আহত সফিক সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে। 

স্থানীয় সূত্র জানায়, ভোরে পাঁচ-ছয়জন নারী-পুরুষ স্থানীয় মানব পাচারকারীদের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে সবাই পালিয়ে এলেও সফিক ভারতীয় জঙ্গলে লুকিয়ে পড়েন। পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে বন্দুকের নল দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ছেড়ে দিলে স্থানীয় পাচারকারীরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দারা অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে খারেরা সীমান্ত দিয়ে মানবপাচার বেড়েছে। তাদের দাবি, টাকার বিনিময়ে কিছু প্রভাবশালী ব্যক্তি এ কাজে জড়িত। মানবপাচারে সক্রিয়দের মধ্যে জামাল হোসেন, তৌফিক, আকরাম, তুহিন ও মারুফসহ কয়েকজনের নাম শোনা যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, এসব ব্যক্তির বিরুদ্ধে মানব পাচারসহ নানা অপরাধে থানায় ও বিজিবির দপ্তরে একাধিক মামলা রয়েছে। এক মাস আগে একই সীমান্তের ৭১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় দুই নারী ভারতে অনুপ্রবেশের সময় মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হন। তাদের কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। 

এ বিষয়ে ফযবাকশীমূল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জামসেদ চৌধুরী বলেন, চিহ্নিত মানব পাচারকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার।

স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া বলেন, ঘটনাটি এলাকায় সবাই জানে। বিস্তারিত জানতে বিজিবির সঙ্গে যোগাযোগ করাই ভালো।

খারেরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। মানব পাচারকারীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।