মিয়া গোলাম পরওয়ার

গণভোট দেরিতে চক্রান্তকারীরা নাশকতার সুযোগ পাবে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোট দিতে যত দেরি হবে দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পরওয়ার বলেন, আওয়ামী ফ্যাসিবাদের সকল হুমকি ধামকি জনগণ রাস্তায় নেমে প্রতিহত করেছে। এছাড়া অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির যে অগ্রযাত্রা তা বাধাগ্রস্থ করতে পরাজিত ফ্যাসিবাদ শক্তি নাশকতার অপচেষ্টা করেছে।

তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা সম্ভব। এক্ষেত্রে তাদের উদার হতে হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে বিএনপির প্রতি আহ্বান জানাই।

পরওয়ার বলেন, জাতি যাদের প্রত্যাখ্যান করেছে তাদের পক্ষে জাতির মাঝে ফিরে আসা সম্ভব নয়। আওয়ামী ফ্যাসিবাদের সব হুমকিধামকি জনগণ রাস্তায় নেমে প্রতিহত করেছে।

তিনি বলেন, যাকে বাংলাদেশে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে সে কিভাবে পাশের দেশের মিডিয়া ব্যবহার করে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে?

বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। সারা দেশে আট দলের নেতাকর্মীরা সব নাশকতার বিরুদ্ধে রাজপথে সরব আছে।

পরওয়ার বলেন, রাজধানীর ১৪টি পয়েন্টে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আওয়ামী নাশকতার হাত থেকে জনগণকে নিরাপদ রেখেছে।

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরেই গণভোট হলে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। গণভোট দিতে যত দেরি হবে দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে বলেও মন্তব্য করেন এ জামায়াত নেতা।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানায় জামায়াত। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ হচ্ছে বলেই মনে করে জামায়াত।