চাকরির বাজারে এগিয়ে থাকতে প্রয়োজন পরিশ্রম ও চেষ্টার

বাংলাদেশে বর্তমান চাকরির বাজার খুবই প্রতিযোগিতামূলক। এই তীব্র প্রতিযোগিতার মধ্যে জব মার্কেটে নিজেকে এগিয়ে রাখতে লিডারশীপের কার্যকর ভূমিকা প্রয়োজন। বাস্তব জীবনে সফলতার কোনো শর্টকাট নেই। পরিশ্রম, ধৈর্য আর নিয়মিত চেষ্টাই একমাত্র পথ। পরিশ্রম ও চেষ্টার সমন্বয়ে চাকরির বাজারে একজন শিক্ষার্থীকে এগিয়ে রাখে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগে আয়োজিত মার্কেটিং ডে অনুষ্ঠানে এমন মন্তব্য করেন আমন্ত্রিত বক্তারা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মার্কেটিং বিভাগের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় মার্কেটিং ডে। 

ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় মার্কেটিং বিভাগের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

অনুষ্ঠানে উদ্যোক্তাদের নিয়ে ‘অন্ট্রপ্রেনারিয়াল ইনসাইট’ টকশো আয়োজন করা হয়, যেখানে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। পাশাপাশি করপোরেট দুনিয়ার সফল ব্যক্তিদের নিয়ে আয়োজিত হয় ‘কর্পোরেট রাউন্ড টেবিল’ পর্ব।

উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত ‘অন্ট্রপ্রাণারিয়াল ইনসাইট’ শীর্ষক অনুষ্ঠানে সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শামস সাব্বির শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক, ফার্স্ট এন ফাস্ট আইটি লিমিটেড; আরিফুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, ডেনিমিক লিমিটেডের এ. জে. এম. সালেহ (অর্পণ), ব্যবস্থাপনা পরিচালক, গ্লোবাল অয়েল কোম্পানি লিমিটেড, শান শাহেদ, ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, জেসিআই বাংলাদেশ, প্রতিষ্ঠাতা ও সিইও, রেড কার্পেট এবং মো. নাজমুল ইসলাম, সিইও, অভিযাত্রিক ট্যুরিজম লিমিটেড। 

পাশাপাশি করপোরেট রাউন্ড টেবল পর্বটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা। করপোরেট রাউন্ড টেবিলে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন এ কে এম সাদেক নেওয়াজ, চীফ বিজনেস অফিসার, বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড, শাহ জামাল শিকদার, চিফ সেলস অফিসার, বসুন্ধরা গ্রুপ মো. ইকবাল হোসাইন, সিএফও ও হেড অফ ট্রেজারি, সোনালী ব্যাংক পিএলসি, সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক, লংকা বাংলা ফাইন্যান্স পিএলসি, ইমতিয়াজ আহমেদ চৌধুরী, সেলস ডিরেক্টর, সিঞ্জেনটা বাংলাদেশ লিমিটেড, মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, জেনারেল ম্যানেজার, আকিজ রিসোর্স, অনির্বাণ সরকার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ক্লাস্টার হেড, ও শাখা ব্যবস্থাপক, আইপিডিসি ফাইন্যান্স। 

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশের মার্কেটিং জগৎ ধীরে ধীরে খুবই সমৃদ্ধ হচ্ছে এবং প্রতিযোগিতা বাড়ছে। এই তীব্র প্রতিযোগিতার মধ্যে জব মার্কেটে নিজেকে এগিয়ে রাখতে লিডারশীপের কার্যকর ভূমিকা প্রয়োজন। প্রযুক্তির যথাযথ ব্যবহার তোমাকে সবার থেকে আলাদাভাবে উপস্থাপন করবে। এছাড়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজের আত্মবিশ্বাস বাড়বে। নিজের সহপাঠীদের মধ্যমে নিজের অবস্থান মূল্যায়ন করে নিতে হবে। 

কর্মজীবনে সকল ব্যস্ততার মধ্যেও নিজেকে সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তারা বলেন, করপোরেট দুনিয়ায় নিজের জীবনের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। নিজের লক্ষ্য নির্ধারণ করে ভবিষ্যতের সফলতার জন্য প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। নিজের ওপর অর্পিত দায়িত্বকে সবসময় চাপ হিসেবে নেওয়া যাবে না। বরং প্রতিটি দায়িত্ব আনন্দের সঙ্গে পালন করলেই তুমি নিজেকে একজন ব্যতিক্রমী ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারবে। 

সময় ব্যবস্থাপনা ও পরিকল্পিত চিন্তাভাবনা একজন নতুন গ্র্যাজুয়েটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ-উপস্থিত বক্তারা বলেন, সময়ের সঠিক ব্যবহার একজন শিক্ষার্থী কিংবা করপোরেট পেশাজীবী হিসেবে তোমাকে একটি গোছানো জীবন উপহার দিতে পারে। করপোরেট দুনিয়ায় যাওয়ার প্রথম ধাপ নিজের সিভি ভারী করা। এক্ষেত্রে শিক্ষার্থী হিসেবে তোমাদের লিডারশীপ কোয়ালিটি ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সিভি ভারী করবে।