রামপুরায় ৪ তলা থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর রামপুরা এলাকার একটি বাড়ির ৪র্থ তলা থেকে নিচে পড়ে আয়ান মোহাম্মদ জাওজি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে রামপুরা উলন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত শিশুটির চাচা জাহাঙ্গীর হোসেন জানান, উলন বাজার এলাকার ৬ তলা নিজেদের বাড়িটির ৪র্থ তলাতে থাকে পরিবারটি। শিশুটি শারীরিক প্রতিবন্ধি। ৩ ভাইবোনের মধ্যে সবার ছোট আয়ান।

তিনি আরও জানান, ৫ ও ৬ তলার ছাদ হলেও আর কোনও নির্মাণ কাজ হয়নি। দুপুরে পরিবারের সবার অগোচরে আয়ান কখন ৫ম তলায় গিয়েছে তা কেউ টের পাননি। সেখান থেকে লিফটের ফাঁকা দিয়ে হঠাৎ নিচে পড়ে যায় সে। দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বেটার লাইফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।