যশোর শহরের নিউ টাউন পার্কিং এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটলেও অল্পের জন্য রক্ষা পায় পাশে বসবাসরত বস্তিবাসীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে হঠাৎ বাসের ভেতরে আগুন দেখতে পান তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সম্পূর্ণ বাসটি ভস্মিভূত হয়। পাশে বসবাসরত বস্তিবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসটির সুপারভাইজার মাগুরা শ্রীপুরের হান্নান খান জানান, মাগুরা জ-১১-০০০৭ নাম্বারের বাসটি যশোর-মাগুরা সড়কে নিয়মিত চলাচল করে। প্রতিদিনের মতো রাতে বাসটি নিউ টাইন এলাকায় পার্কিং করে রাখা হয়। আমি রাতে বাসের ভেতরেই ঘুমাচিছলাম। ভোরে বাসায় ফেরার পর খবর পাই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ড্রাইভারের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নিয়মিত থাকা নাইটগার্ড পাশেই চা খেতে গিয়েছিলেন। অন্যদিকে সুপারভাইজারও তখন বাসায় চলে গেছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের সনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।