কলাবাগানের একটি আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকাকে জন্মদিন পালনের কথা বলে ডেকে নিয়ে হত্যার অভিযোগে নিহতের স্বামী রেজাউল করিম রেজাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। সর্বোচ্চ সাজার পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। রায়ের সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর ২০২০ সালে অক্টোবরে বিয়ে করেন জান্নাতুল ও রেজা। ২০২২ সালের ১২ আগস্ট ঘটা করে জান্নাতুল নাঈমের জন্মদিন পালনের কথা বলে ১০ আগস্ট পান্থপথের একটি আবাসিক হোটেল রেজা তাকে নিয়ে যায়। সেখানে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি, বাগবিতণ্ডা একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে জান্নাতুলের গলা কেটে হত্যা করেন রেজা। এরপর হোটেল কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে চট্টগ্রামে যায় রেজাউল।
মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার ইন্সপেক্টর আবু জাফর মো. মাহফুজুল কবির রেজাকে অভিযুক্ত করে ২০২৩ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ঢাকা মেডিকেল কলেজে গাইনি বিষয়ে একটি কোর্সে করছিলেন জান্নাত। দণ্ডিত রেজা একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন।