অবিশ্বাস্য

দুর্গম ও রহস্যময় বোভেট দ্বীপ 

অদ্ভুত দ্বীপ বোভেট। পৃথিবীর নানা দিকে অসংখ্য রহস্যঘেরা দ্বীপ ও উপদ্বীপ রয়েছে। এদের মধ্যে সবচেয়ে দুর্গম ও রহস্যময় হচ্ছে বোভেট। এর অবস্থান হচ্ছে মেরু অঞ্চলে। দ্বীপটিকে এ যাবৎকালে সন্ধান পাওয়া দ্বীপের মধ্যে সবচেয়ে রহস্যময় আর দুর্গম বলে অভিহিত করা হয়। এখানে স্থলপথে দূর, জলপথে যাওয়াও দুঃসাধ্য ব্যাপার। এ দ্বীপ সম্পর্কে যা কিছু জানা, তা হয়েছে কৃত্রিম উপগ্রহ ও বিমানের মাধ্যমে। বোভেট দ্বীপে মানববসতি গড়ে উঠেছিল এমন ধারণার প্রমাণ পাওয়া যায়নি। তবে ষাটের দশকের একটি পরিত্যক্ত লাইফ বোট দেখতে পাওয়া গেছে। কিন্তু দ্বীপের কোথাও লাইফ বোট ব্যবহারকারী কাউকে দেখা যায়নি, এমনকি বোটটি ওখানে কীভাবে এলো সে কথাও জানা যায়নি। এ দ্বীপ সম্পর্কে এমন কিছু কথা প্রচলিত রয়েছে, যার কোনো সত্যতা ও প্রমাণ এখনো পাওয়া যায়নি। এই দ্বীপটির মোট আয়তন হচ্ছে ৭৫ বর্গমাইল। দ্বীপটি পুরোটা বরফের চাদরে মোড়া। এই বরফের কারণে এখানে উল্লেখযোগ্য কোনো প্রাণী  নেই বললেই চলে। বিজ্ঞানীদের ধারণা, এখানে শুধু শিল, পেঙ্গুইন আর দুই-এক প্রজাতির সামুদ্রিক পাখির সন্ধান পাওয়া যেতে পারে। আর কিছু নয়।