'ভালো ছেলে'র প্রথম লালকার্ড, বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করার শঙ্কা রোনালদোর

ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচই মিস করতে পারেন—আয়ারল্যান্ডের বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখায় এমন শঙ্কা তৈরি হয়েছে পর্তুগাল কিংবদন্তীর সামনে।

বৃহস্পতিবার ডাবলিনে বিশ্বকাপ বাছাই ম্যাচে আয়ারল্যান্ডের ডারা ও’শিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন রোনালদো। প্রতিপক্ষকে কনুই দিয়ে আঘাত করায় শুরুতে তাকে হলুদ কার্ড দেখান রেফারি গ্লেন নিউবার্গ। তবে ভিএআরের পরামর্শে তা আপগ্রেড হয়ে যায় সরাসরি লাল কার্ডে। এটি রোনালদোর ২২৬তম আন্তর্জাতিক ম্যাচ—এতদিন কখনো লাল কার্ড দেখেননি তিনি। তবে ক্লাব পর্যায়ে আগে ১২ বার বহিষ্কৃত হয়েছেন।

বিশ্বকাপ বাছাইয়ে আর খেলতে পারছো না

যেকোনো সরাসরি লাল কার্ডে এক ম্যাচ নিষেধাজ্ঞা থাকেই। ফলে আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের পরের ম্যাচে রোনালদো খেলতে পারবেন না। যদি ফিফা ঘটনাটিকে ‘সহিংস আচরণ’ হিসেবে বিবেচনা করে, তবে নিষেধাজ্ঞা হতে পারে কমপক্ষে তিন ম্যাচ। প্রতিযোগিতামূলক ম্যাচপই এই নিষেধাজ্ঞা ভোগ করতে হবে রোনালদোকে প্রস্তুতি ম্যাচে নয়।

পর্তুগাল পরের ম্যাচে আর্মেনিয়াকে হারাতে পারলে রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে, যদিও তিনি নিজে নিষেধাজ্ঞার খড়গে পড়তে পারেন।

ম্যাচের আগেই বলেছিলেন ‘ভাল ছেলে’ থাকবেন!

ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে রোনালদো হেসে বলেছিলেন—ডাবলিনে ফিরে তিনি “ভাল ছেলে” থাকার চেষ্টা করবেন। বলেছিলেন, “এখানকার দর্শকদের আমি পছন্দ করি। আশাকরি আমাকে খুব বেশি বু করবে না—আমি ভাল থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

কিন্তু মাঠে তার আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন।

লাল কার্ড দেখার পর রোনালদো ব্যঙ্গাত্মকভাবে দর্শকদের দিকে থাম্বস আপ দেখান এবং রেফারির দিকে তালি দেন। ডারা ও’শিয়ার প্রতিক্রিয়ার পর তাকে ‘কাঁদার ভান’ করতেও দেখা গেছে। মাঠ ছাড়ার সময় আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসনের সঙ্গে উত্তপ্ত বাক্যও বিনিময় করেন তিনি।

লালকার্ড দেখার পর আইরিশ দর্শকদের দিকে এরকম অঙ্গভঙ্গি করেন

আয়ারল্যান্ডের সঙ্গে রোনালদোর ‘অদ্ভুত’ সম্পর্ক

২০২১ সালে একই মাঠে গোলশূন্য ড্রয়ের সময় বল ছোঁয়ার সঙ্গে সঙ্গে বু-র শিকার হয়েছিলেন রোনালদো। চলতি বাছাইপর্বে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তার নেওয়া পেনাল্টি সেভ করেছিলেন কাওইমহিন কেলেহার। এরপর রুবেন নেভেসের ৯১তম মিনিটের গোলের সময় রোনালদোর উদযাপন নিয়েও আয়ারল্যান্ডের খেলোয়াড়রা ক্ষুব্ধ হয়েছিলেন।

গত মাসে আয়ারল্যান্ড ডিফেন্ডার নাথান কলিন্সও বলেছিলেন, তিনি এখনো বুঝতে পারেন না কেন রোনালদো তাদের সামনে উদযাপন করেছিলেন।

মার্তিনেজের সাফাই- 'কঠোর সিদ্ধান্ত’

ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ রোনালদোর পক্ষে অবস্থান নেন—'২২৬ ম্যাচে কখনো লাল কার্ড দেখেনি এমন একজন অধিনায়কের ক্ষেত্রে সিদ্ধান্তটা কিছুটা কঠোর মনে হয়েছে।'

তিনি আরও বলেন, 'পুরো ম্যাচ জুড়েই তাকে ধরা-ধাক্কা করা হচ্ছিল। ক্যামেরার অ্যাঙ্গেলে ঘটনাটা কনুইয়ের আঘাত মনে হলেও বাস্তবে তা পুরো শরীরের টান ছিল।'