জেফ বেজোসের রকেট পাড়ি দিল মঙ্গলে

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্লোরিডা থেকে তাদের নতুন রকেট নিউ গ্লেন সফলভাবে উৎক্ষেপণ করেছে। দুই-স্তরের এই রকেটটিতে করে নাসার এস্কেপেড যমজ উপগ্রহ ২২ মাসের যাত্রায় মঙ্গলগ্রহের দিকে রওনা হয়েছে এবং প্রথমবারের মতো পুনঃব্যবহারযোগ্য প্রথম ধাপের বুস্টারের নিরাপদ অবতরণও নিশ্চিত করেছে। 
 
১৭ তলা উচ্চতার বুস্টারটি আটলান্টিক মহাসাগরে জ্যাকলিন নামে একটি জাহাজে অবতরণ করেছে।  সাতটি ইঞ্জিনের শক্তিশালী উৎক্ষেপণের পরে বুস্টারের এই সাফল্য ব্লু অরিজিনের পুনঃব্যবহারযোগ্য প্রযুক্তির একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি কোম্পানিকে বাণিজ্যিক উৎক্ষেপণ ক্ষেত্রে ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ দিচ্ছে।  'নেভার টেল মি দ্যা অডস'- নামের এই বুস্টার টির নিরাপদ অবতরণে ব্লু অরিজিনের মিশন কন্ট্রোল সেন্টারে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। 
 
 ব্লু ও গোল্ড নামে ডাকা এস্কেপেড উপগ্রহদুটি নির্মাণ করেছে রকেট ল্যাব এবং যন্ত্রপাতি সরবরাহ করেছে ইউসি বার্কলে। এই উপগ্রহ দুটি ২০২৭ সালে মঙ্গলে পৌঁছে ১১ মাস ধরে মঙ্গলের আবহাওয়া অধ্যয়নের জন্য সমন্বিত উপবৃত্তাকার কক্ষপথে প্রবেশ করবে।

ব্লু অরিজিনের সিইও ডেভ লিম্প মিশনটিকে সফল হিসেবে উল্লেখ করেছেন। এছাড়াও ইলন মাস্ক এই মিশন টিমকে অভিনন্দন জানিয়েছেন।