বিহার নির্বাচনে মোদি জোটের ঝড়

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের নির্বাচনে আজ (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত গণনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ও এর জোট সঙ্গীরা বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। 

বিহারে ৬ ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে রেকর্ড ৬৬.৯১% ভোটার উপস্থিতি দেখা গেছে—১৯৫১ সালের পর যা সর্বোচ্চ।

বিতর্কিত ভোটার তালিকা সংস্কারের পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিরোধীরা অভিযোগ করে আসছে যে নির্বাচনী তালিকা সংশোধনের মাধ্যমে প্রকৃত ভোটারদের বাদ দেওয়া হয়েছে এবং বিজেপিকে সুবিধা দেওয়া হয়েছে—যা বিজেপি ও নির্বাচন কমিশন উভয়ই অস্বীকার করেছে।

দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের ট্রেন্ডে দেখা যায়, ২৪৩ আসনের বিধানসভায় বিজেপি-জেডিইউ জোট ও তাদের ক্ষুদ্র সঙ্গীরা অন্তত ১৯০ আসনে এগিয়ে। কংগ্রেস-আরজেডি নেতৃত্বাধীন বিরোধী জোট এগিয়ে রয়েছে মাত্র ৪২ আসনে।

রাজ্যের ক্ষমতাসীন দল জেডিইউ–বিজেপি জোটের মুখোমুখি হচ্ছে কংগ্রেস, আরজেডি ও ছোট দলগুলোর জোট। এ নির্বাচনে নতুন খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছে রাজনৈতিক পরামর্শক প্রশান্ত কিশোরের নবগঠিত দল।

বিহার ভারতের দরিদ্রতম রাজ্য, যেখানে অধিকাংশ মানুষ কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি জমায়। রাজ্যের প্রায় অর্ধেক ভোটার নারী, এবং এবার ইতিহাসের সর্বোচ্চ নারী ভোটার উপস্থিতি—৭১.৬%—নথিবদ্ধ হয়েছে। উভয় জোটই নারীদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছে।

এখন পর্যন্ত ফল বদলের সম্ভাবনা খুবই কম, এবং ট্রেন্ড ইঙ্গিত করছে—বিহারে বিজেপি-জেডিইউ জোট আরেক দফা সরকার গঠনের পথে।