মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে ভাসমান অবস্থায় সাইফুল ইসলাম মুন্সী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি কাজী বাড়ির পিছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুপুরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত সাইফুল একই উপজেলার খাসেরহাট ইউনিয়নের স্নানঘাট গ্রামের শামসুল হক মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাস জীবন শেষে ৩ বছর আগে দেশে আসেন।
পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১২ নভেম্বর) সাইফুলকে ফোন দিয়ে ডেকে নেয় অজ্ঞাত এক ব্যক্তি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে কাজী বাড়ির পিছনের পুকুর একটা মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে কালকিনি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার পরিচয় নিশ্চিত করেন নিহতের পরিবারের লোকজন।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা জানান, নিহত সাইফুল গত বুধবার থেকে নিখোঁজ ছিল। তবে থানায় কোন জিডি বা অভিযোগ করেনি পরিবার। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা এখনি কিছু বলা যাচ্ছে না। রিপোর্ট হাতে পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।